https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপের গ্রুপ পর্বে বড় অঘটনের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। আর সেই সুযোগে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশ কেপ ভার্দে।
সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে ‘এইচ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ৩২ নিশ্চিত করে কেপ ভার্দে। এর ফলে নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আগামী ৪ জুলাই, যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে দুই দল।
অস্ট্রিয়াকে হারিয়ে আগেই নকআউট নিশ্চিত করেছিল লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। পরে আলজেরিয়ার জয়ে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
অন্যদিকে, এবারের বিশ্বকাপেই অভিষেক হওয়া কেপ ভার্দে অনন্য এক কীর্তি গড়েছে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচই ড্র করে অপরাজিত থেকে প্রথমবারের মতো নকআউটের টিকিট কেটেছে আফ্রিকার দলটি।
এখন দেখার বিষয়, ইতিহাস গড়া কেপ ভার্দে কি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষেও চমক দেখাতে পারে, নাকি মেসিদের পথচলা আরও এক ধাপ এগিয়ে যাবে।