গাজীপুরের শ্রীপুরে কালার কো লিমিটেড কারখানার এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনার বিচার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় সড়ক অবরোধকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

শনিবার (২৭ জুন) সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল আলম জানান, সকালে কালার কো লিমিটেডের শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে নিহত সহকর্মীর মৃত্যুর বিচার দাবি করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে তারা একটি আঞ্চলিক সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুর্ভোগ সৃষ্টি হয়।

পুলিশ অবরোধ সরানোর চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, শ্রমিকরা সড়ক অবরোধের পাশাপাশি কারখানায় হামলার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

তিনি আরও জানান, শ্রমিকের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বুধবার (২৪ জুন) দিবাগত রাতে তেলিহাটি এলাকার কালার কো লিমিটেড কারখানায় অসুস্থ এক নারী শ্রমিককে ছুটি না দিয়ে কাজ করানো হয় এবং পরে তার মৃত্যু হয়—এমন অভিযোগ ছড়িয়ে পড়ে। এর জেরে বৃহস্পতিবার শ্রমিকরা বিক্ষোভ ও ভাঙচুর চালান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।