প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে একটি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে।
শনিবার (২৭ জুন) সংসদের অধিবেশনের শুরুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবটি উত্থাপন করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তা ভোটে দিলে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়।
প্রস্তাবে বলা হয়, ২১ থেকে ২৬ জুন পর্যন্ত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক সহযোগিতা এবং কৌশলগত সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আলোচনায় স্পিকার বলেন, এ সফরের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি আরও শক্তিশালী হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানও আরও সুদৃঢ় হয়েছে।
প্রস্তাব উত্থাপন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সফরকালে চীনের সঙ্গে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এছাড়া বিনিয়োগ, বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতির ভিত্তি তৈরি হয়েছে। তিনি আরও বলেন, বিদেশ সফরে যাওয়া ও ফিরে আসার সময় জাঁকজমকপূর্ণ সংবর্ধনার প্রচলিত সংস্কৃতি পরিহার করে প্রধানমন্ত্রী নতুন রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর এ সফর বাংলাদেশের স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির বাস্তব প্রতিফলন। মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার, জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগ এবং চীনের সঙ্গে অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও ধন্যবাদ প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে বলেন, জাতীয় স্বার্থে স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নে বিরোধী দল সরকারের পাশে থাকবে। তিনি ভবিষ্যতের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তিগুলো সংসদে উপস্থাপনের আহ্বান জানিয়ে বলেন, এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে।

মন্তব্য করুন