https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার কোচ হং মিয়ুং-বো। টুর্নামেন্টে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার পর দেশজুড়ে সমালোচনার মুখে এই সিদ্ধান্ত নিলেন তিনি।
গ্রুপ ‘এ’-তে চেক প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল দক্ষিণ কোরিয়া। তবে পরের দুই ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গ্রুপের তৃতীয় স্থানে থেকে আসর শেষ করে এশিয়ার দলটি। সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর তালিকায়ও জায়গা করতে না পারায় নকআউট পর্বে ওঠার সুযোগ হারায় তারা।
বিশ্বকাপে এমন হতাশাজনক পারফরম্যান্সের পর ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি দল নির্বাচনে স্বজনপ্রীতি ও অস্বচ্ছতার অভিযোগ তুলে কোচের সমালোচনা করেন এবং পুরো বিষয়টি তদন্তের নির্দেশ দেন।
প্রেসিডেন্ট বলেন, যোগ্যতার পরিবর্তে ব্যক্তিগত সম্পর্ককে গুরুত্ব দিয়ে দল গঠন করলে এমন ফলই স্বাভাবিক। তিনি ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে একটি তদন্ত কমিটি গঠন করে দল নির্বাচনের প্রক্রিয়া ও ব্যর্থতার কারণ খতিয়ে দেখার আহ্বান জানান।
হং মিয়ুং-বোর নিয়োগ নিয়েও শুরু থেকেই বিতর্ক ছিল। ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে জাতীয় দলের দায়িত্ব পাওয়ার পর থেকেই তার নিয়োগকে অস্বচ্ছ ও স্বজনপ্রীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ করেন দেশটির গণমাধ্যম ও ফুটবল সংশ্লিষ্টরা। যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছিলেন তিনি।
বিশ্বকাপে ব্যর্থতার পর কোচকে বরখাস্তের দাবিতে জাতীয় সংসদের ওয়েবসাইটে একটি গণস্বাক্ষর কর্মসূচিও শুরু হয়, যা অল্প সময়েই প্রয়োজনীয় সমর্থন পেয়ে যায়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং বিভিন্ন স্থানে কোচবিরোধী প্রচারণাও ছড়িয়ে পড়ে।
প্রেসিডেন্ট লি বলেন, বিশ্বকাপের নকআউট পর্বে উঠতে না পারার এই ব্যর্থতা দেশের মানুষের জন্য গভীর হতাশার। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে ক্রীড়া মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সংস্কার ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।