ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

দাদির আবেগঘন বার্তায় কান্নায় ভেঙে পড়লেন ভিনিসিয়ুস

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৯ জুন ২০২৬   ২৯ বার পঠিত
দাদির আবেগঘন বার্তায় কান্নায় ভেঙে পড়লেন ভিনিসিয়ুস

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সে ব্রাজিলের অন্যতম ভরসায় পরিণত হওয়া ভিনিসিয়ুস জুনিয়র এবার মাঠের বাইরের এক আবেগঘন মুহূর্তে আলোচনায় এসেছেন। জাপানের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচের আগে দাদির একটি ভিডিও বার্তা দেখে কান্নায় ভেঙে পড়েন রিয়াল মাদ্রিদ তারকা।

ব্রাজিলের টেলিভিশন চ্যানেল গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে জনপ্রিয় অনুষ্ঠান ডোমিঙ্গাঁও-এ প্রচারিত ওই ভিডিওতে ভিনিসিয়ুসের দাদি নিলজা তাঁর শৈশবের নানা স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন, ছোটবেলায় ভিনিসিয়ুস খুব লাজুক ছিল এবং ফুটবলই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা। ১৬ বছর বয়স পর্যন্ত নাতি তাঁর পাশেই ঘুমাত বলেও জানান তিনি।

বার্তার শেষে নাতির জন্য আশীর্বাদ জানিয়ে নিলজা বলেন, ‘ভিনি, আমাদের লেডি অব আপারেসিদা যেন সবসময় তোমাকে রক্ষা করেন। তোমার দাদি তোমাকে অনেক ভালোবাসে।’

ভিডিওটি দেখার পর আবেগাপ্লুত ভিনিসিয়ুস বলেন, ছোট্ট ঘরে থেকেও তাঁর দাদি তাঁর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। তিনি বলেন, ‘তিনি আমার জীবন বদলে দিয়েছেন। তাই সুযোগ পেলেই আমি তাঁর এবং পরিবারের সবার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করি। তারা আমার স্বপ্ন পূরণে সবকিছু করেছেন।’

আবেগঘন এই মুহূর্তের পাশাপাশি মাঠেও দুর্দান্ত ছন্দে রয়েছেন ভিনিসিয়ুস। বিশ্বকাপের গ্রুপ পর্বে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে চারটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি। জাপানের বিপক্ষে ম্যাচেও ব্রাজিলের আক্রমণের প্রধান ভরসা থাকবেন এই ফরোয়ার্ড। জয় পেলে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে সেলেসাও।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930