https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে আজ (সোমবার) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটিতে কোচ কার্লো আনচেলত্তি আগের ম্যাচের একাদশে বড় ধরনের পরিবর্তন আনবেন না বলেই ধারণা করা হচ্ছে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, দলে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে চোট কাটিয়ে ফেরা নেইমার জুনিয়র আগের ম্যাচের তুলনায় এবার বেশি সময় মাঠে থাকতে পারেন। তিনি বলেন, গত এক সপ্তাহে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে যে দল খেলেছিল, সেই দলই প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগে বর্তমান সমন্বয়ে সন্তুষ্ট ব্রাজিল কোচ। লেফট উইংয়ে রাফিনিয়ার পরিবর্তে সুযোগ পাওয়া রায়ানও ভালো পারফরম্যান্স করে একাদশে নিজের জায়গা শক্ত করেছেন।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ : অ্যালিসন বেকার; দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা; রায়ান, ম্যাথিউস কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।
পরিসংখ্যান বলছে, ব্রাজিল ও জাপান এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ব্রাজিল জিতেছে ১১টি ম্যাচ, দুটি ড্র হয়েছে এবং জাপান জয় পেয়েছে একবার। তবে সর্বশেষ ২০২৫ সালের প্রস্তুতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হেরেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা, যা এবারও ব্রাজিলের জন্য সতর্কবার্তা হয়ে থাকছে।