কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৭টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে মরদেহগুলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।
সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মরদেহগুলো দেশে আনা হয়েছে। বাজেট অধিবেশনে ব্যস্ত থাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নিজে উপস্থিত থাকতে না পারলেও মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন।
কাতার থেকে নিহতদের মরদেহের সঙ্গে দেশে ফিরেছেন কাতার খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুল হাসিব চৌধুরী।
বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের নেতাকর্মীরা।
গত ২০ জুন কাতারের শাহানিয়া এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী।
নিহতরা হলেন—ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের মাঝতালুক গ্রামের মোস্তাক আহমদ (৩০) ও জুবায়ের আহমদ (৩০), আগতালুক গ্রামের জসিম উদ্দিন (৩০), আমরপুর গ্রামের জিবাল আহমদ (৩৬) এবং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি নয়াগ্রামের কাদির আহমদ (২৪)।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন