https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশের বিভিন্ন অঞ্চলে আজও দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চলের ব্রহ্মপুত্র অববাহিকার নিচু এলাকাগুলোতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় প্রকাশিত বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ১২০ ঘণ্টার পূর্বাভাস এবং পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বুধবার (১ জুলাই) চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
আজ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এদিকে পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বেড়েছে এবং আগামী পাঁচ দিন এ ধারা অব্যাহত থাকতে পারে। ৩ থেকে ৫ জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার বিভিন্ন স্থানে ব্রহ্মপুত্র ও যমুনার পানি সতর্কীকরণ স্তরে পৌঁছাতে পারে। এতে নদীতীরবর্তী নিচু এলাকার কোথাও কোথাও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ ও মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর প্রভাবে ব্রহ্মপুত্র অববাহিকার নিচু এলাকায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধার প্লাবনভূমি সাময়িকভাবে প্লাবিত হতে পারে। একই সময়ে দুধকুমার নদী-সংলগ্ন নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কাও রয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টায় কুড়িগ্রামের পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদীর পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও যমুনাসহ অন্যান্য প্রধান নদ-নদীর পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে।
আবহাওয়া অধিদফতরের পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে এবং পরবর্তী সময়ে তা আরও বাড়তে পারে।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | 31 | |||||