যুক্তরাষ্ট্রে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে শনিবার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য ফ্রান্স ও প্যারাগুয়ের বিশ্বকাপের নকআউট ম্যাচ স্থগিতের আহ্বান জানিয়েছে ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো এবং ক্রীড়া চিকিৎসা ও বিজ্ঞান সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় নিয়ে তারা ফিফার প্রতি আনুষ্ঠানিকভাবে ম্যাচটি পুনঃনির্ধারণের অনুরোধ জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহজুড়ে দেশটির পূর্ব ও মধ্যাঞ্চলে তীব্র দাবদাহ অব্যাহত থাকবে। ম্যাচের সময় ফিলাডেলফিয়ায় তাপমাত্রা প্রায় ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। উচ্চ আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চলতি সপ্তাহে নিউ জার্সিতে সুইডেনের বিপক্ষে ফ্রান্সের ম্যাচেও উচ্চ তাপমাত্রার প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। সে সময় খেলোয়াড়দের শরীর ঠান্ডা রাখতে মাঠের পাশে পানি ছিটানোর ব্যবস্থা করা হয়েছিল। যদিও ফিফা ম্যাচে কুলিং ব্রেকের বিধান রেখেছে, বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে শুধু পানির বিরতি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়।
ফিফপ্রো এবং আমেরিকান কলেজ অব স্পোর্টস মেডিসিনের নির্দেশনায় বলা হয়েছে, খেলোয়াড়দের স্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলেই ম্যাচ স্থগিত বা পুনঃনির্ধারণের বিষয়টি বিবেচনা করা উচিত।
ডার্টমাউথ কলেজের জীববিজ্ঞানের অধ্যাপক রায়ান ক্যালসবেক বলেন, তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে এবং আর্দ্রতা বৃদ্ধি পেলে মানবদেহের স্বাভাবিক তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকারিতা হারাতে শুরু করে। এতে হিট স্ট্রোকসহ গুরুতর স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
এদিকে ইউনিভার্সিটি অব কানেকটিকাটের কোরি স্ট্রিংগার ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ডগলাস কাসা জানান, ফিফার বর্তমান নির্দেশনা অনুযায়ী ওয়েট-বাল্ব তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে ম্যাচ স্থগিতের বিষয়টি বিবেচনা করা যায়। তবে তার ভাষ্য, এ ধরনের পরিস্থিতি এতটাই ঝুঁকিপূর্ণ যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে একই মাত্রার তাপমাত্রায় ‘ব্ল্যাক ফ্ল্যাগ’ জারি করে সব ধরনের শারীরিক প্রশিক্ষণ তাৎক্ষণিকভাবে বন্ধ রাখা হয়।
এ অবস্থায় খেলোয়াড়দের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ম্যাচের সময়সূচি পুনর্বিবেচনার জন্য ফিফার প্রতি চাপ বাড়ছে।

মন্তব্য করুন