রাউন্ড অব বত্রিশের পর এবার শুরু হচ্ছে বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। রাউন্ড অব সিক্সটিনের অন্যতম আকর্ষণীয় ম্যাচে আগামীকাল (রোববার) মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপীয় শক্তি নরওয়ে। হাই-ভোল্টেজ এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ রেফারি ইসমাইল এলফাত।

বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ইতোমধ্যে ম্যাচের রেফারি প্যানেল ঘোষণা করেছে।

মূল রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ইসমাইল এলফাত। তার দুই সহকারী (লাইন্সম্যান) থাকবেন যুক্তরাষ্ট্রেরই কোরি পার্কার ও কাইল অ্যাটকিন্স। ফলে মাঠের প্রধান তিন ম্যাচ কর্মকর্তাই যুক্তরাষ্ট্রের।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন এলফাত। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস-জাপান এবং উরুগুয়ে-স্পেন ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। কঠোর সিদ্ধান্তের জন্য পরিচিত এই রেফারি ওই দুই ম্যাচে মোট সাতটি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছেন। ফলে ব্রাজিল-নরওয়ে ম্যাচেও তার সিদ্ধান্ত ও ম্যাচ নিয়ন্ত্রণের ধরন নিয়ে আগ্রহ থাকছে ফুটবলপ্রেমীদের।

এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও ব্রাজিলের একটি ম্যাচ পরিচালনা করেছিলেন ইসমাইল এলফাত। গ্রুপ পর্বে ক্যামেরুনের বিপক্ষে সেই ম্যাচে ১-০ গোলে হেরেছিল সেলেসাওরা।

আগামীকালের ম্যাচের বিজয়ী দল ১১ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত সেমিফাইনালে মেক্সিকো অথবা ইংল্যান্ডের মুখোমুখি হবে।