আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশকে এগিয়ে নিতে ফ্যাসিবাদ ও মৌলবাদ—উভয় ধরনের চ্যালেঞ্জ সম্পর্কে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
শনিবার (৪ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, একদিকে ফ্যাসিবাদ রাষ্ট্রের সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, অন্যদিকে মৌলবাদও ক্ষমতার আকাঙ্ক্ষায় অন্ধ হয়ে পড়ছে। এ দুই প্রবণতা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে সরকার বদ্ধপরিকর। পাশাপাশি জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন।
মো. আসাদুজ্জামান বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি তৈরির বিভিন্ন চেষ্টা হচ্ছে। সরকারের অবস্থান স্পষ্ট করার পরও কিছু পক্ষ ভিন্ন পথে এ বিষয়ে প্রচারণা চালানোর চেষ্টা করছে বলে তিনি দাবি করেন।
জুলাইয়ের চেতনা ও জুলাই সনদের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন