বিশ্বকাপে আর্জেন্টিনা ও কেপ ভার্দের রোমাঞ্চকর ম্যাচের পর বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কেপ ভার্দের গোলের সময় তার প্রতিক্রিয়া এবং ম্যাচ শেষে দেওয়া এক মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে আর্জেন্টিনার প্রতি পক্ষপাতের অভিযোগ ওঠে। তবে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করে নিরপেক্ষ থাকার দাবি জানিয়েছেন।

মিয়ামিতে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে অতিরিক্ত সময়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচ চলাকালে কেপ ভার্দের গোলের পর ভিআইপি বক্সে বসে থাকা ইনফান্তিনোকে কিছুটা হতাশ দেখানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপরই তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন অনেক সমর্থক।

বিতর্ক আরও বাড়ে ম্যাচ শেষে আর্জেন্টাইন সম্প্রচারমাধ্যম ডি-স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে। সেখানে ইনফান্তিনো প্রথমে বলেন, আর্জেন্টিনাকে অভিনন্দন, কারণ আজ রাতে হৃদয়…”—এরপরই থেমে নিজের বক্তব্য সংশোধন করে যোগ করেন, “নিরপেক্ষ সমর্থকরাও দুই দলের জন্যই দারুণ রোমাঞ্চ অনুভব করেছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সংক্ষিপ্ত ভিডিওতে প্রথম অংশটি বেশি আলোচিত হয়। অনেকেই এটিকে আর্জেন্টিনার প্রতি সমর্থনের ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেন এবং ফিফার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। এমনকি কেউ কেউ ইনফান্তিনোর পদত্যাগও দাবি করেন।

তবে এ অভিযোগের পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ সামনে আসেনি। অপরদিকে, কয়েকজন বিশ্লেষকের মতে, ভাইরাল হওয়া ভিডিওটি সম্পূর্ণ বক্তব্যের প্রেক্ষাপট ছাড়াই ছড়িয়ে পড়েছে। তাদের দাবি, ইনফান্তিনো মূলত ম্যাচের উত্তেজনা ও নাটকীয়তার কথা বলতে চেয়েছিলেন, কোনো দলের প্রতি ব্যক্তিগত সমর্থন প্রকাশ করেননি।

মাঠের লড়াইয়ে অবশ্য আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ আটে জায়গা করে নেয়। অন্যদিকে, বিশ্বকাপে অভিষেকেই দুর্দান্ত লড়াই উপহার দিয়ে বিদায় নেয় কেপ ভার্দে, যাদের পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে ফুটবল অঙ্গনে।