বিশ্বকাপের মঞ্চে আরেকটি বড় অঘটনের জন্ম দিল নরওয়ে। আর সেই ইতিহাসের কেন্দ্রে ছিলেন আরলিং হালান্ড। তার জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে।
যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। তৃতীয় মিনিটেই বল জালে পাঠিয়েছিল নরওয়ে, তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
এরপর ১০ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। ভিএআরের সহায়তায় স্পট-কিকের সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু ব্রুনো গিমারায়েসের শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড। সেই সেভই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি কোনো দল। বিরতির পর আক্রমণের তীব্রতা বাড়ায় ব্রাজিল। এনদ্রিক, ভিনিসিয়ুস জুনিয়র ও ব্রুনো গিমারায়েস একের পর এক সুযোগ তৈরি করলেও নিল্যান্ডের দুর্দান্ত গোলকিপিংয়ে হতাশ হতে হয় সেলেসাওদের।
অন্যদিকে অপেক্ষায় ছিল নরওয়ে। ৭৯ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের নিখুঁত ক্রসে উঁচু লাফে হেড করে ব্রাজিলের জালে প্রথম বল জড়ান আরলিং হালান্ড। গোল হজমের পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় ব্রাজিল, কিন্তু দৃঢ় রক্ষণ আর গোলরক্ষকের সামনে ব্যর্থ হয় তারা।
নির্ধারিত সময়ের ৯০ মিনিটে আবারও জ্বলে ওঠেন হালান্ড। শেলদেরুপের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর বাঁ পায়ের শক্তিশালী শটে ব্যবধান ২-০ করেন নরওয়ের এই তারকা স্ট্রাইকার। ম্যাচের ভাগ্য কার্যত সেখানেই নির্ধারিত হয়ে যায়।
অতিরিক্ত সময়ের শেষদিকে লিও ওস্টিগার্ডের ফাউলে পেনাল্টি পায় ব্রাজিল। বদলি হিসেবে নামা নেইমার স্পট-কিক থেকে গোল করে ব্যবধান ২-১ করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে নরওয়ে, আর হতাশায় বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
এই ঐতিহাসিক জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল নরওয়ে। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে মেক্সিকো ও ইংল্যান্ডের মধ্যকার শেষ ষোলোর ম্যাচের বিজয়ী দল।

মন্তব্য করুন