ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গাজায় স্থায়ী শান্তি নিশ্চিত করার পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে কাতার ও কানাডা। একই সঙ্গে সিরিয়ার পুনর্গঠন ও পুনরুদ্ধার কার্যক্রমে আন্তর্জাতিক উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে দেশ দুটি।

শুক্রবার (২৭ নভেম্বর) সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ নভেম্বর কানাডার রাজধানী অটোয়ায় অনুষ্ঠিত হয় কাতার ও কানাডার প্রথম কৌশলগত সংলাপ। এতে যৌথভাবে সভাপতিত্ব করেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল থানি এবং কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ।

বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা ও মানবিক সহযোগিতার পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। দুই দেশ সিরিয়ার পুনর্গঠনে আন্তর্জাতিক সহায়তা সমন্বয় এবং উন্নয়নমূলক সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও দেয়।

ফিলিস্তিন ইস্যুতে দুই দেশ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছে। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরের কোনো অংশ ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে তারা।

যৌথ বিবৃতিতে ইসরায়েলি বসতিগুলোকে অবৈধ উল্লেখ করে বসতি স্থাপনকারীদের সহিংসতার জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

গাজা পরিস্থিতি নিয়ে দুই দেশ যুদ্ধবিরতি বজায় রাখা, ইসরায়েলি বাহিনী প্রত্যাহার, বাধাহীন মানবিক সহায়তা পৌঁছানো এবং ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর কার্যক্রম অব্যাহত রাখার ওপর জোর দিয়েছে।

এ ছাড়া আঞ্চলিক উত্তেজনা কমানো এবং হরমুজ প্রণালি ও বাব আল-মান্দাব দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করার প্রতিও সমর্থন জানিয়েছে কাতার ও কানাডা।