জুলাই গণঅভ্যুত্থানে বড় ছেলে নিহত হওয়ার পর ছোট ছেলের ক্যানসারে আক্রান্ত হওয়ার কঠিন পরিস্থিতিতে থাকা ফাতেমা তুজ জোহরার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ক্যানসারে আক্রান্ত ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানকে নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী জিসানের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং ফাতেমা তুজ জোহরাকে চাকরির আশ্বাস দেন।
মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান। সাক্ষাতে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী মাহমুদুল্লাহ বিন জিসানের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং তার চিকিৎসা অব্যাহত রাখার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে পরিবারের আর্থিক সংকট বিবেচনায় ফাতেমা তুজ জোহরাকে চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
ফাতেমা তুজ জোহরার পরিবার গত কয়েক বছরে একের পর এক বিপর্যয়ের মুখোমুখি হয়। ২০২৪ সালের ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে তার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ নিহত হন। এর দুই সপ্তাহ পর ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানের ক্যানসার ধরা পড়ে। পরে সাত মাসের মাথায় পরিবারের কর্তা মারা গেলে পরিবারটি আরও গভীর সংকটে পড়ে।
পরিবারটির দাবি, ক্যানসার আক্রান্ত সন্তানের চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাওয়ার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালে তারেক রহমান চিকিৎসা সহায়তার উদ্যোগ নেন। পরবর্তীতে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে জিসানের চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয় এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হয়।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরও মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসা-সংক্রান্ত সহযোগিতা ও তত্ত্বাবধান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন