https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সংঘটিত অভিযোগিত অপরাধে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, এ প্রাথমিক তথ্যের ভিত্তিতেই দলটির বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলছে।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর বলেন, তদন্তকারী দল বিষয়টি নিয়ে কাজ করছে এবং তদন্ত শেষ হলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
প্রাথমিক সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় দলগত, ব্যক্তিগত এবং ঊর্ধ্বতন নেতৃত্বের দায়—সব দিকই তদন্তের আওতায় রয়েছে। এসব বিষয় যাচাই-বাছাই করেই তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
এর আগে গত ৫ জুলাই মো. আমিনুল ইসলাম বলেছিলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কি না, সে বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে যদি দলটির বিরুদ্ধে প্রাথমিক অভিযোগের ভিত্তি পাওয়া যায় এবং সে-সংক্রান্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা পড়ে, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনি কাঠামো অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্তর্বর্তী সরকারের সময়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।
২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন পরবর্তী সময়ে সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেয়। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন।
পরবর্তীতে ওই সময়ের সহিংসতা নিয়ে তদন্ত শেষে জাতিসংঘের মানবাধিকার দপ্তর একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে সংঘাত চলাকালে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ধরা হয় এবং প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হওয়ার কথা উল্লেখ করা হয়। প্রতিবেদনে তৎকালীন সরকারের ভূমিকা সম্পর্কেও বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।