https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের হালনাগাদ তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী সাত কার্যদিবসের মধ্যে নির্ধারিত ই-মেইলে এ তথ্য পাঠাতে বলা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) অধিদপ্তরের পলিসি ও অপারেশন্স বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত শিক্ষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ জন্য নির্ধারিত ছকে তথ্য প্রস্তুত করে অধিদপ্তরে পাঠাতে হবে।
তথ্য তালিকায় উল্লেখ করতে হবে— কতজন পুরুষ ও নারী প্রধান শিক্ষক এবং কতজন পুরুষ ও নারী সহকারী শিক্ষক বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। পাশাপাশি, তাদের মধ্যে কারা দুই বছর পর্যন্ত এবং কারা দুই বছরের বেশি সময় ধরে অনুপস্থিত, সেটিও আলাদাভাবে উল্লেখ করতে হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রয়োজনীয় তথ্য আগামী সাত কার্যদিবসের মধ্যে নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। নির্দেশনা বাস্তবায়নে বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।