মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে বিভ্রান্তি এড়াতে জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সরকারি আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত মালয়েশিয়াগামী কর্মী ও রিক্রুটিং এজেন্টদের কোনো ধরনের চুক্তি, আর্থিক লেনদেন বা মেডিক্যাল পরীক্ষা না করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বা অর্থ লেনদেন থেকে বিরত থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে কোনো ধরনের মেডিক্যাল পরীক্ষা করানো বা এ-সংক্রান্ত অর্থ পরিশোধ করা যাবে না।
রিক্রুটিং এজেন্সিগুলোর জন্যও পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো এজেন্সি মালয়েশিয়াগামী কর্মীদের সঙ্গে চুক্তি করতে পারবে না। একই সঙ্গে পাসপোর্ট সংগ্রহ, মেডিক্যাল পরীক্ষা কিংবা কোনো ধরনের অর্থ গ্রহণ বা লেনদেন থেকেও বিরত থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়ায় কর্মসংস্থান-সংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্যের জন্য প্রবাসী কল সেন্টারে যোগাযোগ করা যাবে। এছাড়া এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ফোকাল পয়েন্ট কর্মকর্তার সঙ্গেও সরাসরি যোগাযোগের সুযোগ রয়েছে।
এই সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারির পেছনে সাম্প্রতিক একটি বিভ্রান্তির বিষয়ও উল্লেখ করেছে মন্ত্রণালয়। মঙ্গলবার (৭ জুলাই) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত হয়েছে বলে মন্তব্য করেন। ওই বক্তব্যকে ঘিরে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় পরিস্থিতি স্পষ্ট করতে এ জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

মন্তব্য করুন