মিসরের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের ম্যাচে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তুলে আবারও নিজের মহত্ত্বের প্রমাণ দিয়েছেন লিওনেল মেসি। সেই দুর্দান্ত পারফরম্যান্সের পর আর্জেন্টাইন অধিনায়কের প্রশংসায় ভাসিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ইন্টার মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম।

বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় জয়ের পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মেসির একটি ছবি শেয়ার করে বেকহ্যাম লেখেন, ‘তিনি খুবই বিশেষ একজন মানুষ। শুধু মাঠের পারফরম্যান্সের জন্য নয়, মাঠের বাইরেও তিনি যেমন মানুষ—সেটিই তাকে অনন্য করে তুলেছে।’

আরেকটি স্টোরিতে মেসির আরেকটি ছবি পোস্ট করে তিনি সংক্ষিপ্ত মন্তব্য করেন, ‘এখন আর নতুন করে কিছু বলার নেই।’ এই কয়েকটি বাক্যেই ফুটবল কিংবদন্তির প্রতি নিজের গভীর শ্রদ্ধা প্রকাশ করেন সাবেক ইংলিশ অধিনায়ক।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোয় একসময় ২-০ গোলে পিছিয়ে পড়েছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের ১৫ মিনিটে ইয়াসের ইব্রাহিমের গোলে এগিয়ে যায় মিসর। প্রথমার্ধে মেসির নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন গোলরক্ষক মোস্তফা শোবের। এরপর ৬৭ মিনিটে মোস্তফা জিকোর গোলে ব্যবধান দ্বিগুণ হলে বিদায়ের শঙ্কায় পড়ে লিওনেল স্কালোনির দল।