বিশ্বকাপ ফুটবলের প্রায় এক শতাব্দীর ইতিহাসে শিরোপা ধরে রাখার কীর্তি গড়তে পেরেছে মাত্র দুটি দল—ইতালি ও ব্রাজিল। এরপর অসংখ্য কিংবদন্তি দল ও তারকা ফুটবলার এলেও কেউ টানা দুটি বিশ্বকাপ জয়ের সেই বিরল রেকর্ড স্পর্শ করতে পারেনি। এবার সেই অসমাপ্ত ইতিহাস নতুন করে লেখার সুযোগ পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
২০২২ সালে কাতার বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে ৩৬ বছরের শিরোপাখরা কাটিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ২০২৬ বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে রয়েছে লিওনেল স্কালোনির দল। ইতোমধ্যে তারা জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। আর মাত্র তিনটি জয় তাদের পৌঁছে দিতে পারে ফুটবল ইতিহাসের এক অনন্য উচ্চতায়।
বিশ্বকাপের ইতিহাসে প্রথম টানা দুইবার শিরোপা জয়ের কীর্তি গড়ে ইতালি। ১৯৩৪ সালে চেকোস্লোভাকিয়াকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর ১৯৩৮ সালের ফাইনালে হাঙ্গেরিকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে ভিত্তোরিও পোজোর দল।
এর দুই দশক পর একই কীর্তি গড়ে ব্রাজিল। ১৯৫৮ সালে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জয়ের পর ১৯৬২ সালে চিলির মাটিতে চেকোস্লোভাকিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার ট্রফি জেতে পেলের ব্রাজিল।
তারপর কেটে গেছে ৬৪ বছর। এই দীর্ঘ সময়ে অনেক দলই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে এলেও কেউ শিরোপা ধরে রাখতে পারেনি।
সবচেয়ে কাছাকাছি গিয়েছিল ১৯৯০ সালের আর্জেন্টিনা এবং ২০২২ সালের ফ্রান্স। ১৯৮৬ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৯৯০ সালে ফাইনালে উঠেও পশ্চিম জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গের শিকার হয়। অন্যদিকে ২০১৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স ২০২২ সালের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে পেনাল্টি শুটআউটে হেরে টানা দ্বিতীয় শিরোপা হাতছাড়া করে।
এবার সেই ইতিহাস বদলে দেওয়ার সুযোগ আর্জেন্টিনার সামনে। দলটি ইতোমধ্যে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে এবং শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই বিবেচিত হচ্ছে।
যদি স্কালোনির শিষ্যরা শেষ পর্যন্ত বিশ্বকাপ জিততে পারে, তাহলে ইতালি ও ব্রাজিলের পর বিশ্বকাপের ইতিহাসে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়া তৃতীয় দল হিসেবে নিজেদের নাম লেখাবে আর্জেন্টিনা। একই সঙ্গে এটি হবে আলবিসেলেস্তেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা এবং বিশ্ব ফুটবলের ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায়।

মন্তব্য করুন