ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অভিযানে ছিনতাই চক্রের ১১ নারী সদস্য আটক
জেলা প্রতিনিধি
শনিবার, ১১ জুলাই ২০২৬ ১৭ বার পঠিত
ছবি: -সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে যাত্রীবেশে ট্রেনে ছিনতাইয়ের অভিযোগে একটি চক্রের ১১ নারী সদস্যকে আটক করেছে রেলওয়ে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনের উভয় প্ল্যাটফর্মে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম মিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তঃনগর ও লোকাল ট্রেনে যাত্রী সেজে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল।
তিনি আরও জানান, আটক প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, ট্রেন ও রেলস্টেশনকেন্দ্রিক ছিনতাইকারী এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।