প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (১৩ জুলাই) প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন। এ সফরকে ঘিরে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি দীর্ঘদিনের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে—এমন প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে গৌরনদী উপজেলার বাটাজোরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। পরে বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া সফরকালে শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি ও ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের মানুষের প্রধান প্রত্যাশা দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন। এর মধ্যে ঢাকা-বরিশাল ছয় লেন মহাসড়ক, বরিশালে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ প্রকল্প নিয়ে সরকারের সুস্পষ্ট ঘোষণা বা অগ্রগতির আশা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলে শিল্পায়ন, কর্মসংস্থান, বিনিয়োগ এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে। একই সঙ্গে দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্যও অনেকাংশে কমে যাবে।

সফর উপলক্ষে প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন, স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। সভায় নিরাপত্তা, যান চলাচল, জনসমাগম ব্যবস্থাপনা ও সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে বরিশাল নগরী ও বিভিন্ন উপজেলায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন আনন্দ মিছিল, গণসংযোগ ও প্রচার কর্মসূচি পালন করছে। দলীয় কার্যালয়গুলোতেও বিরাজ করছে উৎসবের আমেজ।

বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। অন্যদিকে, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান আক্তার শিরিন আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন চাহিদা বাস্তবায়নে ইতিবাচক দিকনির্দেশনা পাওয়া যাবে।

সরকারপ্রধান হিসেবে তারেক রহমানের প্রথম বরিশাল সফরকে রাজনৈতিক ও উন্নয়ন—উভয় দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, এ সফর দক্ষিণাঞ্চলের উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।