https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চীনের সাংহাইয়ে শুরু হওয়া চার দিনব্যাপী ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডব্লিউএআইসি)–২০২৬-এ অংশ নিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। ১৭ থেকে ২০ জুলাই অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, নীতিনির্ধারক, প্রযুক্তিবিদ ও গবেষকেরা কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, বৈশ্বিক নীতিমালা এবং দায়িত্বশীল ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।
শুক্রবার (১৭ জুলাই) সাংহাইয়ে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অনুষ্ঠানে কাজাখস্তানের প্রেসিডেন্ট, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিব বক্তব্য দেন। তারা কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ, টেকসই ও মানবকল্যাণমুখী ব্যবহার নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।
সম্মেলনের দ্বিতীয় দিনে, শনিবার (১৮ জুলাই), ‘কৃত্রিম বুদ্ধিমত্তা শাসনে বৈশ্বিক সহযোগিতা’ বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখবেন বাংলাদেশের মন্ত্রী ফকির মাহবুব আনাম। সেখানে তিনি দায়িত্বশীল ও নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার বিষয়ে বাংলাদেশের অবস্থান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবেন।
বিশ্বের বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ ও গবেষকদের অংশগ্রহণে আয়োজিত এবারের সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন, নীতিনির্ধারণ, নিরাপত্তা, উদ্ভাবন এবং বৈশ্বিক সহযোগিতার নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের অংশগ্রহণ এআই খাতে আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।