https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ১৮ দিনে দেশে প্রায় ১৮০ কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ সময়ে রেমিট্যান্স বেড়েছে ২০ দশমিক ২ শতাংশ।
রোববার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ১ থেকে ১৮ জুলাই পর্যন্ত বৈধ পথে দেশে এসেছে ১৭৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৪৯ কোটি ৬০ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধু ১৬ থেকে ১৮ জুলাই—এই তিন দিনেই দেশে এসেছে ১৬ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স। আর মাসের প্রথম পাঁচ দিনেই এসেছিল ৫৬ কোটি ৭০ লাখ ডলার।
সব মিলিয়ে গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়েছে ৩০ কোটি ২০ লাখ ডলার।
সংশ্লিষ্টদের মতে, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং প্রণোদনার কারণে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এই প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।