https://timenewsbangla.com

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পরও আর্জেন্টিনা দলের পাশে দাঁড়িয়েছেন সাবেক তারকা ফুটবলার আনহেল দি মারিয়া। আবেগঘন বার্তায় তিনি বলেছেন, এই দলের অর্জন কখনো মুছে ফেলা যাবে না।
রোববার ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ হয় লিওনেল মেসিদের। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা দলের উদ্দেশে বার্তা দেন দি মারিয়া।
তিনি লিখেছেন, ‘পুরো দেশ তোমাদের নিয়ে গর্বিত। বিশ্বকাপে তোমরা যে ভালোবাসা ও আবেগ দেখিয়েছ, তা পুরো দেশকে আবারও ঐক্যবদ্ধ করেছে। তোমরা ইতিহাস গড়েছ, তোমরা কিংবদন্তি।’
২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত আর্জেন্টিনার জাতীয় দলের উত্থান-পতনের অন্যতম সাক্ষী ছিলেন দি মারিয়া। ২০১৪ বিশ্বকাপ ও ২০১৫, ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে পরাজয় থেকে শুরু করে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ জয়ের গৌরব—সবকিছুর অংশ ছিলেন এই উইঙ্গার।
২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়া দি মারিয়া বর্তমান আর্জেন্টিনা দলকে দেশটির ইতিহাসের অন্যতম সেরা দল হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, ফিনালিসিমাসহ টানা পাঁচটি ফাইনালে ওঠার কৃতিত্ব এই দলের। এই অর্জন কেউ তাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না।