https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ব্যক্তিজীবনের এক অধ্যায় নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ডলি সায়ন্তনীকে বিয়ে করাটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল।
সম্প্রতি একটি গণমাধ্যমের সেলিব্রিটি আড্ডাভিত্তিক অনুষ্ঠানে জীবনের সবচেয়ে বড় ভুল সম্পর্কে জানতে চাইলে রবি চৌধুরী বলেন, আমার প্রথম বিয়েটাই জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সুযোগ থাকলে সেই অতীত পুরোপুরি মুছে ফেলতে চাইতাম। কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তাই সেই অতীত নিয়ে এখন আর কথা বলতে চাই না।
নব্বইয়ের দশকের শেষ দিকে কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান রবি চৌধুরী। ২০০০ সালের দিকে তারা একসঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় দ্বৈত গান গেয়েছিলেন। কাজের সূত্রে ঘনিষ্ঠতা বাড়ার পর ২০০১ সালে তারা বিয়ে করেন। তবে দাম্পত্য জীবনে মতবিরোধ ও কলহের কারণে অল্প সময়ের মধ্যেই তাদের বিচ্ছেদ ঘটে।
সাক্ষাৎকারে রবি চৌধুরীর জনপ্রিয় গান ‘কাল নাগিনী’ নিয়েও প্রশ্ন করা হয়। ‘ঘুরাও দু নয়ন’ অ্যালবামের এই গানটি সাবেক স্ত্রী ডলি সায়ন্তনীকে উদ্দেশ করে লেখা হয়েছিল কি না— এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে রহস্য বজায় রাখেন তিনি।
হাস্যরসের সুরে রবি চৌধুরী বলেন, সবসময় তো আর বন্দুক দিয়ে মারতে হয় না, মাঝে মাঝে কলম দিয়েও মারা যায়। গানটি আমার নিজের লেখা। তবে কাকে নিয়ে লিখেছিলাম, সেটা এখন আর বলতে চাই না।