https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী বলেছেন, প্রিয় বাংলাদেশ ছেড়ে যাওয়ার সময় তিনি কখনো ভাবেননি, বিদায়ের সময়টা এত দীর্ঘ হবে। মেয়ের পড়াশোনা ও ভবিষ্যতের কথা ভেবেই বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন বলে জানিয়েছেন এই শিল্পী।
দেড় বছর প্রবাসজীবন পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে ডলি সায়ন্তনী লেখেন, ২০২৫ সালের এই দিনে বাংলাদেশ ছেড়ে বিদেশে পাড়ি জমালেও এত দীর্ঘ সময় দেশের বাইরে থাকতে হবে, তা তার কল্পনায়ও ছিল না। বাস্তবতা মানুষকে কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করায় উল্লেখ করে তিনি বলেন, আল্লাহর অশেষ রহমত, মা-বাবার দোয়া, পরিবারের ভালোবাসা এবং ভক্তদের শুভকামনাই তাকে প্রতিনিয়ত শক্তি জুগিয়েছে।
জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরে এই কণ্ঠশিল্পী বলেন, তিনি কখনো কারও ক্ষতি করতে চাননি, বরং সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। তবে জীবনে অনেক কষ্ট ও বিশ্বাসভঙ্গের শিকার হলেও আল্লাহ কখনো তাকে নিরাশ করেননি।
ডলি সায়ন্তনী জানান, তার দীর্ঘ প্রবাসজীবনের সবচেয়ে বড় কারণ মেয়ের পড়াশোনা ও ভবিষ্যৎ। এ জন্য তিনি সবার কাছে নিজের এবং মেয়ের জন্য দোয়া কামনা করেছেন।
দেশের প্রতি গভীর টানের কথাও তুলে ধরেন এই শিল্পী। তিনি বলেন, কখন আবার প্রিয় বাংলাদেশে ফিরতে পারবেন, তা জানেন না। দেশের জন্য মন কাঁদে, আর বাংলাদেশ থেকে কেউ দেখা করতে এলে মনে হয় যেন দেশের মাটি আর আপন মানুষের ছোঁয়া পেয়েছেন।
পোস্টের শেষদিকে বিশ্বের সব প্রবাসীর অনুভূতির সঙ্গে নিজের অনুভূতির মিল খুঁজে পান ডলি সায়ন্তনী। তিনি বলেন, দূরত্ব যতই হোক, নিজের দেশের প্রতি ভালোবাসা কখনো কমে না। সবার কাছে নিজের পরিবারের জন্য দোয়া চেয়ে তিনি প্রার্থনা করেন, পৃথিবীর সব প্রবাসী যেন একদিন সুস্থ ও নিরাপদে তাদের প্রিয়জনদের কাছে ফিরে যেতে পারেন।