https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়ে পরিচালিত অভিযানে এসব গ্রেপ্তার করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ১৪ হাজার ৯৭০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার ৪৩৭ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে ৩ হাজার ৯৯১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৫৪২ জন রয়েছেন।
এ ছাড়া অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৬২৬ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ার, ৩৭ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার অভিযোগে আরও ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে অবৈধ অভিবাসীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ১৮ জনকেও আটক করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানের অংশ হিসেবে ১৩ হাজার ২৫১ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ১৭ হাজার ৭৪৭ জনকে ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং আরও ৬ হাজার ১১৩ জনকে দেশে ফেরার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে ৩০ হাজার ৫৪৬ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে ২৮ হাজার ৫৫৭ জন পুরুষ এবং ১ হাজার ৯৮৯ জন নারী।
সৌদি কর্তৃপক্ষ আবারও সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহযোগিতা, পরিবহন বা আশ্রয় দেওয়ার অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।