চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবেশে একটি প্রাইভেটকার ভাড়া করে চালককে মারধর করে গাড়ি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দেবর-ভাবিকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সিপি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার শেখ মোহাম্মদ আল ইয়াছা (৩০) ও জোবেদা খানম চৌধুরী। তারা সম্পর্কে দেবর-ভাবি। আহত চালক মো. সেলিম (৪২) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে চট্টগ্রাম নগরীর অলংকার মোড় থেকে একটি কালো রঙের প্রাইভেটকার ভাড়া করে মিরসরাইয়ের সিপি মোড়ে যান ওই দুই যাত্রী। সেখানে পৌঁছে তারা চালককে মারধর করে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে তাদের আটক করে গণপিটুনি দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস চৌধুরী জানান, আহত চালক ও আটক দুজনকে হাসপাতালে আনা হলে তাদের শরীরে সামান্য আঘাতের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই যাত্রী চালককে মারধর করে গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন। গাড়ির মালিক থানায় এসেছেন এবং আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।