https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক উত্তেজনার মধ্যেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের দুই কর্মকর্তার ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে ব্রাজিল। দেশটির সরকারের আশঙ্কা, তারা নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারেন।
ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রাইলি এম. বার্নস এবং উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল স্যামসন গত ২০ জুলাই ভিসার আবেদন করেন। ২৪ জুলাই তাদের আবেদন নাকচ করা হয়। যদিও আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যানের কারণ জানানো হয়নি।
ব্রাজিলীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সন্দেহ ও বিতর্ক সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল সরকার।
এবারের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা প্রতিদ্বন্দ্বিতা করবেন সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে। বলসোনারো পরিবারের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
এর আগে ফ্লাভিও বলসোনারো ও তার ভাই এদুয়ার্দো ওয়াশিংটনে গিয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে যুক্তরাষ্ট্র ব্রাজিলের দুটি বড় মাদক পাচারকারী সংগঠনকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে এবং ব্রাজিলের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে। লুলা প্রশাসন এসব পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২৭ থেকে ৩০ জুলাই পর্যন্ত ব্রাসিলিয়ায় সফরের সময় দুই কর্মকর্তা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, ধর্মীয় স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছিলেন। তবে যুক্তরাষ্ট্র দাবি করেছে, এটি ছিল একটি নিয়মিত কূটনৈতিক সফর এবং ব্রাজিলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
এদিকে, সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো দীর্ঘদিন ধরে কোনো প্রমাণ ছাড়াই ব্রাজিলের ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে আসছেন। বর্তমানে তিনি অভ্যুত্থানচেষ্টার মামলায় কারাদণ্ড ভোগ করছেন। সম্প্রতি তার ছেলে ফ্লাভিও বলসোনারোও ভোটিং ব্যবস্থা নিয়ে একই ধরনের অভিযোগ পুনরাবৃত্তি করেছেন। তবে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পাওয়ার পর এ বিষয়ে নতুন কোনো মন্তব্য করেননি।