ঢাকা
৩০ জুলাই ২০২৬
শিরোনাম
২৫ বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাংগুয়েজ সেন্টার করবে ইউজিসি, শেখানো হবে ৮টি ভাষা সিপিডির গবেষণা, কৃষক থেকে খুচরা বাজারে আসতে চালের দাম প্রায় দ্বিগুণ আগস্টের শেষ সপ্তাহে খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার, সিন্ডিকেটভুক্ত এজেন্সি বাদ দেওয়ার ঘোষণা আমিরাতে ৫ হাজার নয়, এখন পর্যন্ত ৬২৬ জনের ভিসা বাতিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর, গুরুত্ব পাচ্ছে কৌশলগত সম্পর্ক প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই যোদ্ধা শেখ আজিজুর রহমানের সাক্ষাৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ১০ কিলোমিটার যানজট ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ উনেস্কোর সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করতে চায় বাংলাদেশ হজের ব্যয় কমতে পারে অন্তত ৪০ হাজার টাকা : বিমান প্রতিমন্ত্রী

২৫ বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাংগুয়েজ সেন্টার করবে ইউজিসি, শেখানো হবে ৮টি ভাষা

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   ১ বার পঠিত
২৫ বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাংগুয়েজ সেন্টার করবে ইউজিসি, শেখানো হবে ৮টি ভাষা

ছবি: -সংগৃহীত

দেশের শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মবাজারে প্রতিযোগিতামূলক করে তুলতে এবং উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ২৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাংগুয়েজ সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এসব কেন্দ্রে জাপানিজ, কোরিয়ান, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ, জার্মানসহ মোট আটটি আন্তর্জাতিক ভাষা শেখানো হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, সরকার শিক্ষাব্যবস্থায় আন্তর্জাতিক যোগাযোগ সক্ষমতা বাড়াতে তৃতীয় ভাষা শিক্ষাকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে। এর ফলে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দক্ষ বিদেশি ভাষা শিক্ষকের চাহিদা বাড়বে। বিশ্ববিদ্যালয়ভিত্তিক ল্যাংগুয়েজ সেন্টারগুলো সেই চাহিদা পূরণের পাশাপাশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক কর্মবাজারের জন্য প্রস্তুত করবে।

ড. মামুন আহমেদ বলেন, চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈশ্বিক বাণিজ্য এবং আন্তর্জাতিক সহযোগিতার বর্তমান বাস্তবতায় বহুভাষিক দক্ষতা আর অতিরিক্ত যোগ্যতা নয়, বরং একটি অপরিহার্য সক্ষমতা। ভাষা শিক্ষা তরুণদের আন্তর্জাতিক উচ্চশিক্ষা, গবেষণা, প্রযুক্তি, কূটনীতি, উদ্যোক্তা উন্নয়ন এবং বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত করবে।

তিনি আরও জানান, দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ইউজিসি পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করছে। এর অন্যতম লক্ষ্য বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক শিক্ষা কেন্দ্র (এডুকেশন হাব) হিসেবে গড়ে তোলা, যাতে বিদেশি শিক্ষার্থী, গবেষক ও শিক্ষকদের জন্য বাংলাদেশ আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়।

বিদেশি শিক্ষার্থীদের ভর্তি, ভিসা, আবাসন, স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক সহায়তা সহজ করতে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি ‘ইন্টারন্যাশনাল ডেস্ক’ গঠনের পরিকল্পনার কথাও জানান ইউজিসি চেয়ারম্যান।

এ ছাড়া দেশের পাঁচটি সরকারি ও পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে মডেল এডুকেশন হাব হিসেবে গড়ে তোলা হবে। এসব প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানের আবাসন, মেডিকেল সেন্টার, কাউন্সেলিং, ক্যারিয়ার সাপোর্ট এবং বহুসাংস্কৃতিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো ও সেবার সম্প্রসারণ করা হবে বলে জানান তিনি।