খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলচালক শেখ শিহাব অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তার স্ত্রী, মেয়ে ও শ্যালিকা নিহত হন।
শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে দিঘলিয়া উপজেলার আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), তাদের ২২ মাস বয়সী কন্যা এবং শ্যালিকা রুবিয়া (২০)।
পুলিশ জানায়, খুলনা থেকে কালিয়ার উদ্দেশে মোটরসাইকেলে রওনা দেন শেখ শিহাব। আমবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দুই নারী নিহত হন।
দিঘলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন