https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে পুরুষদের সাফ চ্যাম্পিয়নশিপ। শনিবার (১ আগস্ট) ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ড্রয়ে স্বাগতিক বাংলাদেশ জায়গা পেয়েছে ‘এ’ গ্রুপে।
ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপালকে বাদ রেখে আপাতত ছয় দল নিয়ে ড্র অনুষ্ঠিত হয়েছে। তবে সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নেপালও বাংলাদেশের গ্রুপে যুক্ত হবে।
‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভুটান ও শ্রীলঙ্কা। নেপাল নিষেধাজ্ঞামুক্ত হলে তারাও এই গ্রুপে খেলবে। সেক্ষেত্রে চার দলের গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। আর নেপাল অংশ নিতে না পারলে তিন দলের গ্রুপ থেকেই দুই দল শেষ চারে জায়গা করে নেবে।
অন্যদিকে ‘বি’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়েছে। তাদের সঙ্গে রয়েছে মালদ্বীপ। এই গ্রুপ থেকেও শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে।
বাংলাদেশ সর্বশেষ ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর দীর্ঘ অপেক্ষার পর ২০২৩ সালে ১৪ বছর পর সেমিফাইনালে জায়গা করে নেয় লাল-সবুজের দল। এবার ২০১৮ সালের পর আবারও টুর্নামেন্টের স্বাগতিক হচ্ছে বাংলাদেশ।
গ্রুপ–এ: বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল (নিষেধাজ্ঞা প্রত্যাহার সাপেক্ষে)
গ্রুপ–বি: ভারত, মালদ্বীপ, পাকিস্তান