https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে অনাস্থা জানিয়েছে ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা)। বিশ্বকাপের বিতর্কিত সিদ্ধান্ত এবং ফিফার বিভিন্ন নীতিকে কেন্দ্র করে তাকে পদত্যাগ করতে বা অনাস্থা ভোটের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বিশ্বকাপ চলাকালে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। টুর্নামেন্ট পরিচালনা, কিছু শাস্তিমূলক সিদ্ধান্ত এবং বিতর্কিত বিষয়গুলোতে তাঁর ভূমিকার বিরোধিতা করে উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন ফাইনালের দিনও স্টেডিয়ামে উপস্থিত ছিলেন না।
পরিস্থিতি আরও জটিল হয়, যখন বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা সামনে আসে। উয়েফার ৫৫টি সদস্য অ্যাসোসিয়েশন সর্বসম্মতিক্রমে এ পরিকল্পনার বিরোধিতা করে এবং প্রয়োজনে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দেয়। পরে কনকাকাফ ও এএফসিও একই অবস্থান নেয়। তীব্র চাপের মুখে শেষ পর্যন্ত ওই পরিকল্পনা থেকে সরে আসে ফিফা।
তবে এতে উয়েফার অসন্তোষ দূর হয়নি। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি এখন ইনফান্তিনোর নেতৃত্বে আস্থা হারানোর কথা প্রকাশ্যে জানিয়েছে এবং ফিফায় বড় ধরনের সংস্কারের দাবি তুলেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনফান্তিনোর বিরুদ্ধে অনাস্থা ভোট আনতে প্রস্তুত উয়েফার ৫৫টি সদস্য অ্যাসোসিয়েশন। আনুষ্ঠানিকভাবে ভোটের উদ্যোগ নিতে প্রয়োজন হবে অন্তত ৪৩টি অ্যাসোসিয়েশনের সমর্থন।
উয়েফার অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ফিফার নেতৃত্ব ও পরিচালনব্যবস্থার ব্যাপক পর্যালোচনার সময় এসেছে, যাতে বিশ্ব ফুটবল আরও স্বচ্ছভাবে পরিচালিত হয় এবং ২১১টি সদস্য দেশের স্বার্থ ও খেলাটির দীর্ঘমেয়াদি ভবিষ্যৎকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।