বগুড়া সদর উপজেলার করতোয়া নদীর তীরবর্তী একটি জঙ্গলে গড়ে তোলা অস্থায়ী আস্তানায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, ইলেকট্রিক শকার মেশিন ও মাদকসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় চক্রের আরও দুই সদস্য পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় তিনটি পৃথক টিম এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন, মহিষবাথান এলাকার রকি (৩০), উপশহর স্নিগ্ধা আবাসিক এলাকার রাকিব (২৮) এবং দশম শ্রেণির এক শিক্ষার্থী (১৬)। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ। ডিবির তথ্য অনুযায়ী, রকির বিরুদ্ধে একাধিক এবং রাকিবের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও দ্রুত বিচার আইনে সাতটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, করতোয়া নদীর তীরবর্তী দুর্গম এলাকায় তাঁবু টাঙিয়ে অস্থায়ী আস্তানা গড়ে তুলেছিল চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলে পাঁচ সদস্যের মধ্যে তিনজনকে আটক করা সম্ভব হয়। বাকি দুইজন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
অভিযানে একটি বিদেশি রিভলভার, তিনটি চাইনিজ কুড়াল, দুটি বড় ছোরা, একটি বার্মিজ চাকু, একটি ইলেকট্রিক শকার মেশিন, একটি লোহার পাইপ, ইয়াবা, ট্যাপেন্টাডল, নগদ টাকা, চারটি বাটন ফোন ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন