কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।

সোমবার (৩ আগস্ট) দায়িত্ব নেওয়ার পর ব্যাংকের পরিচালনা পর্ষদ, ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান।

ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ২৫ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে তিনি কমিউনিটি ব্যাংকে যোগ দিয়েছেন। কর্মজীবনে রিটেইল, এসএমই, কৃষি, করপোরেট, ট্রানজেকশন ও শাখা ব্যাংকিং, ঝুঁকি ব্যবস্থাপনা, গ্রাহকসেবা এবং প্রাতিষ্ঠানিক রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এর আগে তিনি পদ্মা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান ব্যবসা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া প্রধান পুনরুদ্ধার কর্মকর্তা এবং প্রধান অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স কর্মকর্তার দায়িত্বও পালন করেছেন।

তিনি প্রিমিয়ার ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি বাংলাদেশ, ইস্টার্ন ব্যাংক ও ঢাকা ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসএস (অনার্স) ও এমএসএস এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এবং সাবেক সভাপতি।