দীর্ঘ অপেক্ষার পর ফিরছে বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’। নতুন কিস্তি ‘গোলমাল ৫’ আগামী বছরের ৮ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতারা। তবে এবার দীপাবলি বা ঈদের মতো বড় কোনো উৎসবকে বেছে না নিয়ে বছরের শুরুতেই সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক রোহিত শেট্টি।

‘গোলমাল’ সিরিজের আগের সিনেমাগুলোর দিকে তাকালে দেখা যায়, ২০০৮ সালের ‘গোলমাল রিটার্নস’, ২০১০ সালের ‘গোলমাল ৩’ এবং ২০১৭ সালের ‘গোলমাল এগেইন’—সবগুলোই বড় উৎসবকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে এসেছিল। ২০০৬ সালের প্রথম সিনেমাটিও অবশ্য বড় কোনো উৎসব ছাড়াই মুক্তি পেয়েছিল।

তাহলে এবারও উৎসবের সময় এড়িয়ে জানুয়ারির শুরুতে কেন মুক্তি দেওয়া হচ্ছে ‘গোলমাল ৫’? বাণিজ্য বিশ্লেষকদের মতে, এর পেছনে রয়েছে সম্ভাব্য বক্স অফিস প্রতিযোগিতা এড়ানোর পরিকল্পনা।

চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে শাহরুখ খানের ‘কিং’ মুক্তির কথা রয়েছে। একই সময় প্রেক্ষাগৃহে থাকার কথা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এরও। ফলে ওই সময় ‘গোলমাল ৫’ মুক্তি পেলে বড় বাজেটের একাধিক সিনেমার সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় পড়তে হতে পারে। এ কারণে কিছুটা পিছিয়ে জানুয়ারির শুরুতে সিনেমাটি আনার পরিকল্পনা করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ ছাড়া জানুয়ারির মাঝামাঝি মকর সংক্রান্তির ছুটিও ‘গোলমাল ৫’-এর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে গুজরাটে রোহিত শেট্টির সিনেমার শক্তিশালী দর্শকভিত্তি থাকায় মুক্তির দ্বিতীয় সপ্তাহে সেখান থেকে ভালো ব্যবসার সুযোগ তৈরি হতে পারে।

আরেকটি বিষয়ও বিবেচনায় রয়েছে। আগামী ২১ জানুয়ারি সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ মুক্তির কথা রয়েছে। ফলে ৮ জানুয়ারি ‘গোলমাল ৫’ মুক্তি পেলে নতুন সিনেমাটির আগে প্রায় দুই সপ্তাহ প্রেক্ষাগৃহে তুলনামূলকভাবে সুবিধাজনক সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে।

গুজরাটে রোহিত শেট্টির সিনেমার ব্যবসায়িক সাফল্যের ইতিহাসও দীর্ঘ। ‘সিংহাম’, ‘গোলমাল এগেইন’ থেকে ‘সূর্যবংশী’—তার একাধিক সিনেমা সেখানে দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবার কোনো বড় উৎসব ছাড়াই বছরের শুরুতে ‘গোলমাল ৫’ দর্শকদের সামনে আনার পরিকল্পনা করা হয়েছে।

সিনেমাটির বেশির ভাগ দৃশ্যের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এতে অভিনয় করছেন অক্ষয় কুমার, অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, কুণাল খেমু, তুষার কাপুর ও শারমান যোশীর মতো তারকারা। ফলে ‘গোলমাল ৫’ নিয়ে দর্শকদের আগ্রহও ইতোমধ্যে বাড়তে শুরু করেছে।