বিদ্যুৎ ও জ্বালানির অতিরিক্ত বিল নিয়ে ঢালাও অভিযোগ না করে সুনির্দিষ্ট তথ্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
ডা. জাহেদ উর রহমান বলেন, অতিরিক্ত বিলের অভিযোগ থাকলে প্রথমে নিকটস্থ বিদ্যুৎ বা জ্বালানি কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানাতে হবে। অভিযোগ গ্রহণ না করা হলে কিংবা অভিযোগের প্রতিকার না মিললে সেটিও সুনির্দিষ্টভাবে সংশ্লিষ্টদের জানাতে হবে।
তিনি বলেন, অতীতে এ ধরনের অভিযোগ পাওয়ার পর যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই অভিযোগ যেন তথ্য-প্রমাণসহ নির্দিষ্টভাবে উপস্থাপন করা হয়।
তথ্য উপদেষ্টা জানান, এ বিষয়ে তিনি জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন। মন্ত্রণালয় অতিরিক্ত বিলসংক্রান্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করতে আগ্রহী।
তিনি আরও বলেন, কোথায়, কী ধরনের সমস্যা হয়েছে তা স্পষ্টভাবে জানালে ব্যবস্থা নেওয়া সহজ হবে। কেউ অভিযোগ দাখিল করতে ব্যর্থ হলে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ গ্রহণ না করলে সেই বিষয়টিও জানানো যেতে পারে।
ডা. জাহেদ উর রহমান আশা প্রকাশ করেন, নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জ্বালানি মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নেবে।

মন্তব্য করুন