https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
নেপালে নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ে থাকা ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস হঠাৎ ফেসবুক লাইভে এসে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। এ সময় তিনি সিনেমায় অনিয়মিত হওয়ার কারণ, ব্যক্তিজীবন এবং বর্তমান ব্যস্ততা নিয়ে খোলামেলা কথা বলেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) শুটিংয়ের ফাঁকে ফেসবুক লাইভে এসে অপু বিশ্বাস জানান, বর্তমানে ছেলের পড়াশোনা ও লালন-পালনকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাই নিয়মিত চলচ্চিত্রে কাজ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, আমার সিনেমা নিয়ে অনেকের মাথাব্যথা। কেন সিনেমা করছি না, না করলে শেষ হয়ে যাব—এসব নিয়ে অনেক কথা হয়। কিন্তু একজন মা হিসেবে আমার সন্তানের জন্য সময় দেওয়াটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি সিনেমার শুটিং করতে টানা ২৫ দিন সময় দিতে হয়। সেই সময়টা আমি এখন ছেলেকে দিতে চাই।
অভিনেত্রী আরও জানান, ছয় বছর আগে মায়ের মৃত্যুর পর সন্তানকে ঘিরেই তার দায়িত্ব আরও বেড়েছে। তাই এই মুহূর্তে পূর্ণাঙ্গ চলচ্চিত্রে মনোযোগ দেওয়ার পরিবর্তে সময়সাপেক্ষ নয়—এমন কাজই বেশি করছেন।
তিনি বলেন, ফটোশুট, ব্র্যান্ড প্রমোশন ও বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানের কাজের পাশাপাশি নিজের ব্যবসাও পরিচালনা করছেন। বর্তমানে তার একটি সিগনেচার বিউটি পার্লার রয়েছে এবং বুটিক ও অনলাইন প্ল্যাটফর্মে সালোয়ার-কামিজের ব্যবসাও চালিয়ে যাচ্ছেন।
অপু বিশ্বাস জানান, আপাতত পরিবার ও পেশার মধ্যে ভারসাম্য রেখে এগোচ্ছেন। তবে নেপালে ‘শিকার’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে তিনি আবারও বড় পর্দায় দর্শকদের সামনে আসছেন।