https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বর্তমান সরকারের অধীনে কোনো ধরনের পৃষ্ঠপোষকতার ব্যবসা চলবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যত বড় মন্ত্রী বা ক্ষমতাবান ব্যক্তি হোক না কেন, এ সরকারের সময়ে পৃষ্ঠপোষকতার কোনো সুযোগ নেই।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম বন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা ও পুনরুদ্ধারের লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। অর্থনীতি চাঙ্গা করে কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি ও শিল্পায়ন বাড়ানো এবং ব্যবসার জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করাই সরকারের লক্ষ্য।
তিনি বলেন, অতীতে বিভিন্ন বিধিবিধান ও নানা ধরনের বাধার কারণে ব্যবসায়ীরা সমস্যার মুখে পড়েছেন। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকার ঘোষিত বাজেটে নিয়ন্ত্রণ শিথিল বা ডিরেগুলেশনের কথা বলেছে। এর বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বন্দর ও কাস্টমস সেবা আরও সহজ করার ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, এসব সেবা নির্বিঘ্ন হলে ব্যবসায়ীদের খরচ কমবে। বন্দরের অতিরিক্ত খরচ ও কাস্টমসের দীর্ঘসূত্রতা পণ্যের দাম বাড়ার অন্যতম কারণ বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে অর্থমন্ত্রী বন্দর ভবনে জাতীয় রাজস্ব বোর্ড, কাস্টমস, চট্টগ্রাম চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, শিপিং এজেন্টসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বন্দর ও কাস্টমসের জটিলতা নিরসন, সেবার প্রতিবন্ধকতা দূর করা এবং ব্যবসায়িক খরচ কমানোর বিষয়ে আলোচনা হয়।