https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা ও হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি পোস্ট থেকে টেইলর সুইফটের গান সরিয়ে নেওয়া হয়েছে। গত এক সপ্তাহে ট্রাম্পের প্রচারণামূলক পোস্টে সুইফটের দুটি গান ব্যবহারের পর সেগুলো সরিয়ে নেওয়াকে ঘিরে আলোচনা শুরু হয়েছে।
তবে গানগুলো কেন সরানো হয়েছে, সে বিষয়ে হোয়াইট হাউস বা টেইলর সুইফটের প্রতিনিধির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
ট্রাম্প ও সুইফটের রাজনৈতিক অবস্থানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমালা হ্যারিসকে সমর্থন করেছিলেন সুইফট। এর আগে ২০২০ সালের নির্বাচনেও ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তিনি। সুইফটের হ্যারিসকে সমর্থনের পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে প্রকাশ্যে আক্রমণও করেছিলেন।
এর মধ্যেই গত সপ্তাহে ট্রাম্পের প্রচারণার টিকটক অ্যাকাউন্টে সুইফটের দুটি গান ব্যবহার করা হয়। একটি ভিডিওতে সুইফটের কয়েকটি জনপ্রিয় গানের নাম ও গানের কথার আদলে ট্রাম্পের প্রচারণা চালানো হয়।
এর আগেও ট্রাম্প প্রশাসন ও তার প্রচারণার বিভিন্ন ভিডিওতে সুইফটের গান ব্যবহার করা হয়েছে। জুনে একটি প্রচারণামূলক ভিডিওতে তার একটি গান এবং এপ্রিলে হোয়াইট হাউসের একটি ভিডিওতে ‘হাই ইনফিডেলিটি’ গান ব্যবহার করা হয়েছিল। গত নভেম্বরে হোয়াইট হাউসের একটি টিকটক ভিডিওতেও সুইফটের ‘দ্য ফেইট অব ওপেলিয়া’ গান ব্যবহার করা হয়।
সুইফটসহ বেশ কয়েকজন শিল্পী অতীতে ট্রাম্প প্রশাসনকে তাদের গান অনুমতি ছাড়া ব্যবহারের বিষয়ে আপত্তি জানিয়েছেন। ফলে এবার পোস্টগুলো থেকে গান সরিয়ে নেওয়ার ঘটনাকে ঘিরে শিল্পীর পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য বা আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।