https://timenewsbangla.com

১২ আগস্ট ২০২৬ বিশ্বের বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান করায় আইসল্যান্ড, উত্তর স্পেন ও উত্তর-পূর্ব পর্তুগালের কিছু এলাকায় দিনের বেলাতেই সাময়িকভাবে অন্ধকার নেমে আসবে।
গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডে পূর্ণগ্রাস প্রায় ২ মিনিট ১৫ সেকেন্ড স্থায়ী হবে। স্পেনের লিওনে স্থানীয় সময় রাত ৮টা ২৮ মিনিটে পূর্ণগ্রাস শুরু হয়ে প্রায় দুই মিনিট স্থায়ী হওয়ার কথা। এ সময় সূর্য দিগন্তের কাছে থাকায় পূর্ণগ্রাসের পর অর্ধচন্দ্রাকৃতির অস্তগামী সূর্যও দেখা যেতে পারে।
উত্তর আমেরিকা, কানাডা, ইউরোপের অধিকাংশ অঞ্চল ও উত্তর-পশ্চিম আফ্রিকায় আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। যুক্তরাজ্য থেকে প্রায় ৯৫ শতাংশ সূর্যগ্রহণ দেখা যাবে।
পূর্ণগ্রাসের সময় সূর্যের করোনা দৃশ্যমান হওয়ার পাশাপাশি তাপমাত্রা দ্রুত কমে যেতে পারে এবং পশুপাখির আচরণেও পরিবর্তন দেখা দিতে পারে। গ্রহণের সময় নিরাপদে দেখার জন্য অনুমোদিত গ্রহণ-চশমা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে গ্রহণের পরপরই পারসিডস উল্কাবৃষ্টিও চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। মহাকাশপ্রেমীদের জন্য আরও একটি বড় সুযোগ অপেক্ষা করছে ২০২৭ সালের ২ আগস্ট—সেদিন স্পেন, মরক্কো, মিসর, সৌদি আরব ও ইয়েমেনসহ বিভিন্ন দেশে ছয় মিনিটেরও বেশি সময় ধরে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যেতে পারে।