প্রতিরক্ষা খাতের পাশাপাশি প্রযুক্তি, পারমাণবিক বিদ্যুৎ, পরিচ্ছন্ন জ্বালানি ও গবেষণায় ভারতের বিনিয়োগ চায় পোল্যান্ড। বিদেশি বিনিয়োগের মাধ্যমে নিজস্ব শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে উদ্যোগী হয়েছে ইউরোপের দেশটি।

পোল্যান্ডের অর্থমন্ত্রী আন্দ্রেই দোমানস্কি ওয়ারশতে স্ট্র্যাটনিউজ গ্লোবালকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ককে কার্যকর বাণিজ্যিক চুক্তি ও বিনিয়োগে রূপ দিতে চায় পোল্যান্ড। প্রতিরক্ষা, গবেষণা, প্রযুক্তি ও জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।

ইউক্রেন যুদ্ধের পর সামরিক খাতে ব্যয় বাড়িয়েছে পোল্যান্ড। তবে এসব অর্থ শুধু বিদেশ থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না দেশটির সরকার। বরং স্থানীয় উৎপাদন, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর শিল্পের উন্নয়নে এই ব্যয় কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

দোমানস্কি জানান, প্রতিরক্ষা খাতে ব্যয়ের অর্থের বড় অংশ পোল্যান্ডের অভ্যন্তরেই রাখতে চান তিনি। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়, স্টার্টআপ ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার উদাহরণ হিসেবে পোল্যান্ডের ডব্লিউবি গ্রুপের কথা উল্লেখ করেন তিনি। প্রতিষ্ঠানটির চালকবিহীন প্রযুক্তি ভারতীয় সশস্ত্র বাহিনী ব্যবহার করেছে। ভবিষ্যতে এ ধরনের সহযোগিতার পাশাপাশি যৌথ গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের সম্ভাবনাও রয়েছে।

জ্বালানি খাতেও ভারতীয় বিনিয়োগ প্রত্যাশা করছে পোল্যান্ড। বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, ক্ষুদ্র মডুলার রিঅ্যাক্টর, নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ সঞ্চালন ও জ্বালানি সংরক্ষণ প্রকল্পে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে দেশটির।

এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের বাজারে ভারতীয় কোম্পানিগুলোর প্রবেশ ও ব্যবসা সম্প্রসারণে পোল্যান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন দোমানস্কি।

অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা এবং দেশীয় শিল্পের সক্ষমতা বাড়ানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে ভারতকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করছে পোল্যান্ড। দুই দেশের রাজনৈতিক যোগাযোগকে বাস্তব বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতায় রূপ দেওয়াই এখন ওয়ারশর প্রধান লক্ষ্য।