https://timenewsbangla.com

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে ভারতের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের একটি প্রতিনিধিদল তিন দিনের সফরে ঢাকায় এসেছে।
ভারতের শিল্প খাতের সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির উদ্যোগে ১৭ থেকে ১৯ আগস্ট পর্যন্ত এ সফর অনুষ্ঠিত হচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ খুঁজে বের করাই সফরের মূল উদ্দেশ্য।
সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধিদলে ভারতের বিভিন্ন খাতের শীর্ষ ব্যবসায়ী নেতারা রয়েছেন। প্রতিনিধিদলে ভারত বায়োটেক, গোদরেজ ইন্ডাস্ট্রিজ, মাহিন্দ্রা গ্রুপ, লারসেন অ্যান্ড টুবরো, নুমালিগড় রিফাইনারি, অ্যাপোলো হাসপাতাল ও ইন্ডিয়ান অয়েল করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
সফরকালে প্রতিনিধিদলটি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করবে।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আলোচনা হবে।
এ ছাড়া প্রতিনিধিদলটি এফবিসিসিআই আয়োজিত একটি মধ্যাহ্নভোজসভায় অংশ নেবে। সেখানে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদের মতবিনিময় হবে।
সফরটি দুই দেশের দীর্ঘদিনের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতার নতুন সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।