https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি ও কেনাকাটায় অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ অনুসন্ধানে ইতোমধ্যে চার সদস্যের একটি বিশেষ টিম গঠন করেছে কমিশন।
দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে গঠিত এই টিম অভিযোগগুলোর বিষয়ে অনুসন্ধান করবে।
অভিযোগ সংশ্লিষ্ট অন্য তিনজন হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।
দুদক সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিপুল অঙ্কের দুর্নীতির অভিযোগ করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে বেআইনি কাজ করিয়ে দিতে ঘুষ গ্রহণ, অর্থপাচার ও মানিলন্ডারিংয়ের মতো গুরুতর অভিযোগ। একই সঙ্গে বিদেশে অর্থপাচার, অবৈধ বিটকয়েন লেনদেন, চাঁদাবাজি, স্বজনপ্রীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে বলে জানিয়েছে সূত্র।
এ ছাড়া সাবেক ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে। অভিযোগ রয়েছে, সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিভিন্ন ধরনের অবৈধ সুবিধা নিয়েছেন।
দুদক সূত্র বলছে, এসব অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখতেই অনুসন্ধান শুরু করা হয়েছে। অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হতে পারে।