https://timenewsbangla.com

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্যের জানাজা ও ফিউনারেল প্যারেড সামরিক মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত আরও চার সদস্য বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
আইএসপিআর জানায়, সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) হিসেবে দায়িত্ব পালনকালে বিমানবাহিনীর সাত সদস্যকে বহনকারী একটি জিপ দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ঢাকার সিএমএইচে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওয়ারেন্ট অফিসার সুলতান মাহমুদ, কর্পোরাল মনিরুজ্জামান পিয়াস এবং এলএসি মো. জুবাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের (কুর্মিটোলা) সি-১৩০ হ্যাঙ্গারে নিহতদের জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমানবাহিনী প্রধান নিহতদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। জানাজা শেষে মরদেহগুলো নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। বিমানবাহিনীর প্রতিনিধিদল পরবর্তী সময়ে যথাযথ সামরিক মর্যাদায় তাদের দাফন সম্পন্ন করবে।
এ ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনী গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। আহত সদস্যদের দ্রুত সুস্থতাও কামনা করা হয়েছে।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | |||