প্রশান্ত মহাসাগরে দ্রুত শক্তিশালী হয়ে উঠেছে হারিকেন ‘পোলো’। ঘূর্ণিঝড়টি চলতি মৌসুমের অন্যতম শক্তিশালী ঝড়ে পরিণত হয়েছে। মেক্সিকোর দক্ষিণ-পশ্চিম উপকূলের কাছে অবস্থান করা ঝড়টি আরও শক্তিশালী হয়ে ক্যাটাগরি ৫ হারিকেনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার।
হারিকেনের ভেতরে পাঠানো যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের একটি ‘হারিকেন হান্টার’ বিমানের তথ্য অনুযায়ী, পোলোর সর্বোচ্চ বাতাসের গতি ঘণ্টায় প্রায় ২৮০ কিলোমিটার। স্যাফির-সিম্পসন স্কেলে ঘণ্টায় ২৫৩ কিলোমিটারের বেশি বাতাসের গতিকে ক্যাটাগরি ৫ হিসেবে ধরা হয়।
চলতি মৌসুমে প্রশান্ত মহাসাগরে জেনিভয়েল ও লয়েলের পর এটি তৃতীয় ক্যাটাগরি ৫ হারিকেন হিসেবে বিবেচিত হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় মেক্সিকোর সিহুয়াতানেজো থেকে প্রায় ৩৪৫ কিলোমিটার দক্ষিণে প্রশান্ত মহাসাগরের ওপর প্রায় স্থির অবস্থায় ছিল পোলো। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
পোলোর প্রভাবে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের আশঙ্কায় উপকূলীয় এলাকা ফাঁকা হয়ে গেছে। কয়েকটি এলাকায় সাময়িকভাবে স্কুল-কলেজও বন্ধ রাখা হয়েছে। গেরেরো ও মিচোয়াকান রাজ্যে বন্দর বন্ধ করে দিয়েছে মেক্সিকোর নৌবাহিনী। জেলে ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ঝড়টি স্থলভাগে সরাসরি আঘাত হানার সম্ভাবনা তুলনামূলক কম হলেও এর প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে। এতে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি রয়েছে। গেরেরো ও মিচোয়াকানে ৮ থেকে ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

মন্তব্য করুন