জাতিসংঘ নিখুঁত কোনো প্রতিষ্ঠান নয়, তবে বৈশ্বিক সংকট মোকাবিলায় এটি অপরিহার্য এবং এর কোনো বিকল্প কল্পনা করা কঠিন বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, সংস্থাটি কোথায় পিছিয়ে পড়ছে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার করতে হবে।

তিনি বলেন, যেসব ব্যবস্থা বা বিষয় আর কার্যকর নয়, সেগুলোতে পরিবর্তন আনতে হবে। একই সঙ্গে শিল্পখাতের নেতৃবৃন্দ থেকে শুরু করে তরুণ পরিবর্তনকারীদের মতো বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আরও বেশি কণ্ঠস্বর সিদ্ধান্ত গ্রহণের আলোচনায় যুক্ত করা প্রয়োজন।

ড. খলিলুর রহমান বলেন, “আস্থা চাওয়া যায় না, এটি অর্জন করতে হয়।”

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আরও বলেন, এবারের অধিবেশন এমন একটি জাতিসংঘ গড়ে তোলার সুযোগ তৈরি করেছে, যা কঠিন বাস্তবতা মোকাবিলায় বাস্তববাদী, সংস্কারের ক্ষেত্রে সাহসী এবং প্রয়োজনীয় অংশীজনদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে উন্মুক্ত।

তার মতে, সংস্কার ও অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে জাতিসংঘকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কার্যকর করে তোলা সম্ভব।