মঞ্চে পোশাকে আগুন জ্বালিয়ে ভয়ংকর স্টান্ট দেখিয়ে আলোচনায় বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সম্প্রতি মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায় আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’ অনুষ্ঠানে এমন দুঃসাহসিক পারফরম্যান্স করেন তিনি।

অনুষ্ঠানের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাতে তলোয়ার নিয়ে মঞ্চে দাঁড়িয়ে আছেন অক্ষয়। এ সময় নৃত্যশিল্পীরা তার ট্রাউজারে আগুন ধরিয়ে দেন। অন্য একটি ভিডিওতে মাথায় জ্বলন্ত প্রপ নিয়েও স্টান্ট করতে দেখা যায় তাকে।

অ্যাকশনধর্মী সিনেমায় নিজের স্টান্ট নিজেই করার জন্য পরিচিত অক্ষয়। এর আগেও দর্শকদের সামনে আগুন নিয়ে বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্টান্ট করেছেন তিনি।

অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ক্যারিয়ারের শুরুর দিকে স্টান্টের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। আধুনিক ভিএফএক্স প্রযুক্তি না থাকায় অনেক ঝুঁকিপূর্ণ দৃশ্য বাস্তবেই ধারণ করতে হতো।