ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ করে পুলিশি আটকের শিকার হয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারান্ডন, হ্যাকসখ্যাত অভিনেত্রী হান্নাহ আইনবাইন্ডারসহ শতাধিক সংস্কৃতিকর্মী ও অধিকারকর্মী।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরের কাছে ফার্স্ট অ্যাভিনিউয়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনপন্থী সংগঠন জিউয়িশ ভয়েস ফর পিস-এর ডাকে আয়োজিত কর্মসূচিতে শত শত মানুষ অংশ নেন। বিক্ষোভকারীদের হাতে ছিল ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো’ ও ‘গণহত্যা থামাও’সহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড।

বিক্ষোভে সুসান সারান্ডন ও হান্নাহ আইনবাইন্ডার ছাড়াও ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’খ্যাত অভিনেত্রী সিনথিয়া নিক্সন, নাট্যকার টনি কুশনার, কমেডিয়ান ক্যালেব হিয়ারন ও লেখক গ্লেনন ডয়েল অংশ নেন।

পুলিশ জানায়, সতর্ক করার পরও বিক্ষোভকারীদের একটি অংশ সড়ক অবরোধ করে অবস্থান চালিয়ে গেলে তাদের আটক করা হয়। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ১০৩ জনকে আটক করা হয়েছে।

আটকের পর হান্নাহ আইনবাইন্ডার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় বলেন, তাদের গ্রেপ্তারের ঘটনা যেন ফিলিস্তিন ও দক্ষিণ লেবাননের মানুষের দুর্ভোগের দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

ফিলিস্তিনিদের অধিকার ও গাজা যুদ্ধ নিয়ে দীর্ঘদিন ধরে সরব সুসান সারান্ডন। নেতানিয়াহুর জাতিসংঘ সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে এ ধরনের আরও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে নেতানিয়াহুর ভাষণের সময়ও বেশ কয়েকটি দেশের প্রতিনিধিকে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যেতে দেখা যায়।